মাদারীপুরে বিআরটিসি বাস উল্টে নিহত ১, আহত ২০

মাদারীপুরের কালকিনিতে উল্টে পড়া বিআরটিসি বাস

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় একটি বিআরটিসি বাস উল্টে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে খুলনা থেকে বরিশালগামী বিআরটিসি বাসটি কালকিনি উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বাসের মধ্যে থাকা ২০ জনেরও বেশি যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল হোসেন বরিশাল শহরের আব্দুল জব্বারের ছেলে। তিনি খুলনার ক্রিসেন্ট জুট মিলে চাকুরি করতেন।