রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা দুঃখজনক: হানিফ

কুষ্টিয়ায় সংবাদ কর্মীদের সঙ্গে মাহবুবউল আলম হানিফ (ফাইল ছবি)

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘মানবাধিকার নিয়ে বিশ্বের যে দেশগুলো কাজ করে, বড় বড় কথা বলে, তারা রোহিঙ্গা ইস্যুতে নিজেদের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ। বিষয়টি নিয়ে তাদের নীরবতা দুঃখজনক।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপির অনেক নেতা আশার জাল বুনছে। অনেক সময় নিজেদের কর্মীদের মনোবল চাঙা করার জন্য কাল্পনিক কথাবার্তাও বলছে তারা।’

এর আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, ‘আওয়ামী লীগ একটি উচ্চমার্গীয় মিথ্যার ফ্যাক্টারি’। তার এই মন্তব্যের জবাবে উপরের কথাটি বলেন মাহবুবউল আলম হানিফ।

তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে যে গাইড লাইন দেওয়া আছে, সে মোতাবেকই নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, আগামী নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন। ওই সময় সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে বর্তমান সরকার।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এসএম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।