নেতিবাচক রাজনীতির পথ ছেড়ে ইতিবাচক রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জনস্বার্থ দেখভালের জন্য রাজনীতি করতে হবে, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। এটাই রাজনীতিবিদদের আজকের দিনের প্রার্থনা হওয়া উচিত।’
শনিবার (২ সেপ্টেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জের পেশকার হাট ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ, দেশের মানুষের সুখ-শান্তির দিকে আমাদের বেশি করে নজর দিতে হবে। এতে রাজনীতিবিদদের প্রতি মানুষের বিশ্বাস আরও বেড়ে যাবে।’
নামাজ শেষে মন্ত্রী ঈদগাহ এলাকার জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি প্রবীণ ও অসুস্থ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং মৃত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেন।