ফেনীফেনীর সোনাগাজীতে আছমা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুজা উদ্দিন চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আছমা আক্তারের স্বামী বোরহান উদ্দিন আহমেদকে (৩৫) আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানিয়েছে, বোরহান উদ্দিন আহমেদ রাজু নাবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুজা উদ্দিনের ছোট ছেলে। তার সঙ্গে একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের কাতার প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে আছমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৬ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জের ধরে রবিবার সন্ধ্যায় স্বামী বোরহান উদ্দিন, ভাসুর মেজবাহ উদ্দিন ও সাইফু উদ্দিন সাজু মিলে আছমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।