রোহিঙ্গা হত্যার বিচারের দাবিতে মংলায় মানববন্ধন

মংলাতে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধনমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদ ও রোহিঙ্গা হত্যার বিচার দাবি করে মংলায় মানববন্ধন করেছে নাগরিক সমাজ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মংলা পৌরভবনের সামনে ‘রোহিঙ্গা বাঁচাও বিশ্ববাসী গণহত্যা রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মংলা আলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বাজার মসজিদের ঈমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান, মংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক এইচ এম দুলাল, হাসান গাজী ও সার্ভিস বাংলাদেশের নুর আলম শেখ।
মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনের বিচারের দাবি জানান। এসময় তারা মিয়ানমারের ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতা অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবিও জানান। বক্তারা বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে, তার নির্মমতা আজ বিশ্বনেতাদের চোখে পড়ছে না। মানবাধিকার নিয়ে উচ্চকিত নেতারা আজ কোথায়, সেই প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা।

আরও পড়ুন-
রাঙামাটিতে ১৪০ পরিবারকে আশ্রয়কেন্দ্র থেকে বিদায়
বিপুল লোকসানের আশঙ্কায় মাগুরার চামড়া ব্যবসায়ীরা