চট্টগ্রাম বন্দরে তেজষ্ক্রিয় পদার্থের কন্টেইনার আটক

চট্টগ্রামচট্টগ্রাম বন্দরে তেজষ্ক্রিয় পদার্থে ভর্তি একটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের সহকারী কমিশনার (মেগাপোর্ট) মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গত ২২ আগস্ট বন্দরের মেগাপোর্টে সংকেত পাওয়ার পর কাস্টমস কর্মকর্তারা কন্টেইনারটি জব্দ করেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, সিটাডেল গ্লোবাল করপোরেশন নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান বন্দরে শিপমেন্টের জন্য কন্টেইনারটি নিয়ে আসে। এটি শ্রীলঙ্কা, সিঙ্গাপুর হয়ে চীনে রফতানির কথা ছিল।
হাবিবুর রহমান বলেন, ‘মেগাপোর্টে সংকেত পাওয়ার পর আমরা কন্টেইনারটি জব্দ করি। পরে প্রাথমিক পরীক্ষায় আমরা নিশ্চিত হই যে ওই কন্টেইনারে ক্ষতিকর তেজষ্ক্রিয় পদার্থ রয়েছে। চূড়ান্ত পরীক্ষার জন্য বিষয়টি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। তারা এসে নমুনাও সংগ্রহ করে নিয়ে গেছেন।’
পরমাণু শক্তি কমিশনের চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর রফতানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।