ডিএনডিতে জলাবদ্ধতা নিরসনে অতিরিক্ত দুটি পাম্প চালু

ডিএনডি বাঁধের ভেতরের পানি নিষ্কাশনঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরের জলাবদ্ধতা নিরসনের জন্য ৬৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন অতিরিক্ত দুটি পাম্প বসানো হয়েছে। এ দুটি এবং ৩৮৪ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও ৩টি পাম্প দিয়ে গত ১০ দিনে ডিএনডির ভেতর থেকে প্রায় পৌঁনে দুই ফুট পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পাম্প হাউস কর্তৃপক্ষ। ডিএনডিবাসীর দুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এ দুটি পাম্প বসানো হয়েছে। পাম্প হাউস কর্তৃপক্ষ জানায়, আরও দুয়েক দিনের মধ্যে ৪০ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও একটি পাম্প চালু করার প্রস্তুতি চলছে।

রাজধানী ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লার থানা এলাকার ৮ হাজার ৩৪০ হেক্টর জায়গা নিয়ে নির্মিত ডিএনডি বাঁধের ভেতরে অন্তত ২০ লাখ লোক বসবাস করছে। ৪ মাস ধরে ডিএনডির ১২ লাখ বাসিন্দা বর্ষার পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে রয়েছেন। ডিএনডির ভেতরের ৬০ ভাগ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, শিল্পপ্রতিষ্ঠানসহ নানা ধরনের স্থাপনা স্থানভেদে ১ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে যায়। এখনও ডিএনডির বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

এদিকে, শিমরাইলের পাম্প হাউসের বড় ৪টি পাম্পের মধ্যে ২ নম্বর পাম্পটির (১২৮ কিউসেক ক্ষমতাসম্পন্ন) ইম্প্রেলার ভেঙে গিয়ে বিকল অবস্থায় রয়েছে। এ অবস্থায় ডিএনডি থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য অতিরিক্ত পাম্প বসানোর সিদ্ধান্ত হয়। পাম্প হাউস সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ৩৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন একটি ও ১ সেপ্টেম্বর ৩০ কিউসেক ক্ষমতাসম্পন্ন আরও একটি পাম্প বসানো হয়েছে। আরও ৪০ কিউসেক ক্ষমতাসম্পন্ন একটি পাম্প আগামী ২/১ দিনের মধ্যে বসানো হবে।

শিমরাইল পাম্প হাউসের উপ-সহকারী প্রকৌশলী রাম প্রসাদ বাছার জানান, পাউবোর ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিএনডির এলাকার পানি নিষ্কাশনের জন্য বড় আকৃতির ৩টি পাম্প ছাড়া ১০৯ কিউসেক ক্ষমতাসম্পন্ন অতিরিক্ত আরও ৩টি পাম্প বসানোর সিদ্ধান্ত হয়। এ পাম্পগুলোর সাহায্যে গত ১০ দিনে প্রায় পৌঁনে ২ ফুট পানি শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশন করা সম্ভব হয়েছে। যদি আরও পৌঁনে ১ ফুট পানি নিষ্কাশন করা যায় তবে ডিএনডিবাসীর দুর্ভোগ কমে আসবে। বর্তমানে পাম্প হাউসের নিষ্কাশন মুখে পানির উচ্চতা রয়েছে ৩ দশমিক ৩৭ মিটার। পাম্প হাউসের মুখে পানির উচ্চতা যদি ২ দশমিক ৭ মিটারে নামিয়ে আনা যায় তবে ডিএনডি শতভাগ জলাবদ্ধতা মুক্ত হবে।

তিনি আরও জানান, যদি আর বৃষ্টিপাত না হয় তবে আগামী এক সপ্তাহের মধ্যে ডিএনডির জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।