রোহিঙ্গাদের একত্রিত করে নিবন্ধন করা হবে: মায়া

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ছবি- প্রতিনিধিমিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করে নিবন্ধন করা হবে।’ শনিবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু, সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ শাহ কামালসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় ত্রাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এর আগে মন্ত্রী বেলা একটার দিকে ক্যাম্পে পৌঁছে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আরও পড়ুন: রোহিঙ্গারাই করছে নিজেদের তালিকা