দলীয় সূত্রে জানা গেছে, তাহরীম হোসেন সীমান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন ছেলে।
তাহরীম হোসেন সীমান্ত জানান, গত ৭ সেপ্টেম্বর মীর আসিফ অনিককে সভাপতি ও শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট মির্জাপুর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। ঘোষিত কমিটিতে তাকে দুই নম্বর সহ-সভাপতি হিসেবে রাখা হয়। এর আগে গত ১২ জুন কোনও প্রকার সম্মেলন ছাড়াই মির্জাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
তাহরীম হোসেন সীমান্ত তার পদত্যাগপত্রে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ২১ (খ) ধারা উল্লেখ করে লিখেছেন, প্রতি বছর জেলা শাখার নির্বাচনের আগে অবশ্যই জেলার অন্তর্ভুক্ত উপজেলা শাখার নির্বাচন করতে হবে। উপজেলা শাখা নির্বাচনের আগে প্রাথমিক শাখা নির্বাচন করতে হবে। গঠনতন্ত্রের ২২ (ক) ধারা উল্লেখ করে তিনি লিখেছেন সাধারণত দুই-তৃতীয়াংশের অধিক কাউন্সিল সদস্য সমর্থিত না হলে গঠনতন্ত্রের রদবদল করা যাবে না। কমিটি গঠনের ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি। ঘোষিত কমিটি যেহেতু বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী। তাই অবৈধ এ কমিটি থেকে অব্যহতিপত্র দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তাহরীম হোসেন সীমান্ত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ পারিবারিক ও জন্মগতভাবে বুকে লালন করেছি, বিধায় অবৈধ কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’