ঢাকা ও সিরাজগঞ্জে দু’দফা জানাজা শেষে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের রহমতগঞ্জ পৌর কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়েছে ডা. তাসমিনা মতিনকে। তার স্বামী ডা. এমএ মতিন বাংলাদেশ সরকারের সাবেক উপ-প্রধানমন্ত্রী ছিলেন।
রবিবার বাদ জোহর সিরাজগঞ্জের মাল্টিল্যাটারাল উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা একটা ৩০ মিনিটে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসমিনা। শনিবার বাদ মাগরিব ঢাকা সার্কিট হাউজ জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
লন্ডন থেকে চিকিৎসাশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রফেসর ডা. তাসমিনা মতিন ১৯৩৯ সালের ১১ ডিসেম্বর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পাকিস্থানের কেন্দ্রীয় সরকারের পানি সম্পদ ও শিল্পমন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদের দ্বিতীয় কন্যা। পেশাগত জীবনে তাসমিনা মতিন একজন গাইনী বিশেষজ্ঞ ছিলেন। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সিরাজগঞ্জ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি, দীপ সেতু আন্ডার ফাইফ ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।