কুষ্টিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

কুষ্টিয়াকুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত শাহানুর (৪২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহানুর সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামের মারফত মন্ডলের ছেলে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই ঘটনায় দুই জন মারা যান।

ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামের আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিল্লাল হোসেন ও এনামুল হক নামের দুই জন নিহত হন। এসময় অন্তত ১২ জন আহত হন। পুলিশ এ ঘটনায় ওই দিনই কেরামতসহ ১৩ জনকে আটক করে। ঘটনার পর দিন ৮ সেপ্টেম্বর স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন।