টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় র্যাবের হাতে আটক হওয়া জেএমবি সদস্য দুই সহোদর নরুল হুদা মাসুম ও মাজহারুল ইসলাম খোকনকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া জেএমবির এই দুই সদস্য কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মসিন্দা গ্রামের মৃত আবুল হোসেন চিশতির ছেলে।
কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) দুই জেএমবি সদস্যকে আদালতে হাজির করে র্যাব সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র আরও জানায়, ৪ সেপ্টেম্বর দিনগত রাতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাসুম ও খোকনকে আটক করে র্যাব। সেখান থেকে একটি ড্রোন ও বেশ কিছু চাপাতি, দুইটি চাইনিজ কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ৫ সেপ্টেম্বর কালিহাতী থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। ৬ সেপ্টেম্বর তাদের চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।