মানুষ ও মানবতার পক্ষে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। দেশে কোনও সংক্রামক রোগ যাতে না ছড়ায়, তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
শনিবার (১৬ আগস্ট) বেলা ৩টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে ১৪ দলের নেতৃত্বে কক্সবাজার বিমান বন্দর হয়ে তিনি ওই ক্যাম্পে যান। এসময় তার সঙ্গে ছিলেন বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়াসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।
নাসিম বলেন, ‘ইতিমধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে এসব রোহিঙ্গাদের পোলিও, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এজন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমার সরকার রাখাইনে যে তাণ্ডব চালাচ্ছে তা গণহত্যার শামিল। তাই দলে দলে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এর মানে এই নয় যে, এসব রোহিঙ্গা এ দেশে চিরদিন থেকে যাবে। মিয়ানমার সরকারকে অবশ্যই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না; শান্তি চাই। আর শান্তিপূর্ণ পরিবেশেই আমরা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবো।’