রাজধানীর বনানী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মামদুদুর রহমান মিশু ওরফে হেলালকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ র্যাব-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত মামদুদুর রহমান মিশু ওরফে হেলালের বিরুদ্ধে ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতারের সময় বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই, সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত নোটসিট ও লিফলেট জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, র্যাব-১১ হাতে গ্রেফতারকৃত মোহাম্মদ ওয়ালীউল্লাহ চিশতীর হাত ধরে মামদুদুর রহমান জঙ্গিবাদে যুক্ত হয়। পরে শায়েখ আরিফ হোসেন নামে অন্য এক জঙ্গির মাধ্যমে সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে। পরে ওই গ্রুপের জঙ্গি সাকিবের তত্ত্বাবধানে সে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মামদুদুর রহমান ঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, বগুড়া ও জামালপুরে জেএমবির দাওয়াতি এবং সামরিক শাখার সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। এছাড়া সে সংগঠনে নিয়মিত ইয়ানত দেওয়ার পাশাপাশি ইতোমধ্যে গ্রেফতার হওয়া জঙ্গিদের পরিবারকে আর্থিক সহায়তা দিতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার বাসায় প্রায়ই জঙ্গি প্রশিক্ষণ ও গোপন বৈঠকের আয়োজন করা হতো।