আত্মমর্যাদা বজায় রেখে কিভাবে মানবতার সেবা করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সারা বিশ্বকে আঙুল দিয়ে দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে গোটা পৃথিবী বাংলাদেশের পাশে রয়েছে। সারা বিশ্বের মানুষই আজ রোহিঙ্গা সমস্যার সমাধান চান।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় গোপাল জিউর মন্দিরে এসে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনারও রোল মডেল। এ চেতনা নিয়েই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে, বোনের স্নেহ দিয়ে বানভাসি মানুষ থেকে শুরু করে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন।’
এসময় জেলা প্রসাশক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল ইসলাম গণি, পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আছমতারা আসমা, নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নালিতাবাড়ীর সভাপতি গোপাল চন্দ্র সরকার, স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ উপজেলার হিন্দু ধর্মাবল্বীরা উপস্থিত ছিলেন।
পরে কৃষিমন্ত্রী নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।