সরকার সব ধর্মের উৎসব পালনে সমান গুরুত্ব দিচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারবর্তমান সরকার সব ধর্মের মানুষের উৎসব পালনে সমানভাবে গুরুত্ব দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। তিনি বলেন,  ‘আমরা হিন্দু বা মুসলিম হিসেবে নয়, বাঙালি জাতি হিসেবে একসঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি। আমরা বাঙালি জাতীয়তাবাদকে ভিত্তি করেই সামনের দিকে এগিয়ে যাবো।’

বুধবার দুপুরে নারায়নগঞ্জের সোনারগাওঁয়ের পঞ্চমীঘাট এলাকায় পোদ্দার বাড়ি পুজামণ্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘দেশ যদি সমৃদ্ধ হয়ে উঠে তাহলে হিন্দু-মুসলিমদের আলাদা করে কোনও দাবি করতে হবে না। এমনিতেই সব দাবি পূরণ হয়ে যাবে। তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ  হয়ে ওঠে।’

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মেট্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি), দৈনিক ভোরের কাগজ’র সম্পাদক শ্যামল দত্ত, দ্য এ্যাপারেল নিউজের সম্পাদক অমিত কে বিশ্বাস, নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিল জুয়েল, আরটিভির নিউজ এডিটর আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ) অঞ্চল সাজিদুর রহমান, সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু, সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।