ইলিশের উৎপাদন বাড়াতে আগামী ১ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত ভোলা জেলা সংলগ্ন দুটি পৃথক নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে মৎস্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় এসময় মৎস্য শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে সাংবাদিক সম্মেলন করে ভোলা জেলার যেসব এলাকায় ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে তা ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোলা মৎস্য বিভাগ ও ইকোফিস প্রকল্পের যৌথ আয়োজনে ভোলা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
এসময় ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ভোলা জেলার মদনপুর চর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনা ও শাহাবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এবং ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুমি পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকা মৎস্য অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। অক্টোবরের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত এসব স্থানে মাছ শিকার পুরোপুরি নিষিদ্ধ।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলার সময়ে সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে সর্বোচ্চ দু’বছর সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করা হবে।