রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোহিঙ্গাদের ওপর প্রশাসনের শক্ত নজরদারি থাকবে।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর ভাষানচর পরিদর্শন ও শরণার্থী প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি কথাগুলো বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ভাষানচরে আনা হবে। এর আগে ভাষানচরকে বসবাসের উপযোগী করবে নৌ-বাহিনী। সব কিছু এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তবে আমাদের চেষ্টা থাকবে, এখানে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা।’

এসময় আরও উপস্থিত ছিলেন- র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনির-উজ-জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।