সরকার মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে: আহমদ হোসেন

বক্তব্য রাখছেন আহমদ হোসেনআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ‘মিয়ানমার সেনাবাহিনী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যা চালানোর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা মুসলমানরা প্রাণভয়ে এদেশে এসেছে। শেখ হাসিনার সরকার মানবিক দিক বিবেচনা করে এদেশে তাদের সাময়িক আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের অবস্থান আজ সারাবিশ্বে প্রশংসিত।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাবই ডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সামছুদ্দিন ইলিয়াসের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান রতনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এ কে এম মাজাহারুল ইসলাম রানা, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মনি কর্মকার, গোয়ালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুবলীগ নেতা নয়ন ফকির, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, রফিক উল্লাহ আলপন, উপজেলা ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম শামীম প্রমুখ।