বেনাপোল সীমান্তে হুন্ডির তিন লাখ টাকাসহ তরুণ আটক

আটক আকাশ বেনাপোল বন্দর থানার পুটখালি সীমান্তে তিন লাখ হুন্ডির টাকাসহ আকাশ মিয়া (১৮) নামে এক তরুণকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প সদস্যরা তাকে আটক  করেন। আটক আকাশ পুটখালি গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুটখালি ২১ বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি বিপুল পরিমাণ হুন্ডির টাকা পুটখালি থেকে বেনাপোলের দিকে যাবে। এ খবরে সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ হুন্ডির টাকাসহ হাতেনাতে আকাশকে আটক করা হয়। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বিজিবি সদস্যরা তিন লাখ টাকাসহ একজন পাচারকারীকে থানায় সোপর্দ করেছে।