নদীতে পুষ্পার্ঘ্য অর্পণবরিশালে কীর্তনখোলার তীরে নদীর কাছে ক্ষমাপ্রার্থনায় পুষ্পার্ঘ্য নিবেদন এবং নদী জবরদখল ও হত্যাকারী ‘দৈত্যদের’ প্রতীক ভস্মীভূত করা হয়েছে। ‘বিশ্ব নদী দিবস-২০১৭’ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দখল-দূষণের মাধ্যমে নদীর প্রতি অত্যাচারের প্রতিবাদে এ প্রতীকী কর্মসূচি পালন করা হয়। নদী-খাল রক্ষাকারী ও পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত বিশ্ব নদী দিবস-২০১৭ উদযাপন পর্ষদ’ এ কর্মসূচির আয়োজন করে।
প্রতীকী নদী দখলকারী দৈত্য এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, বরিশাল শাখার সম্পাদক রনজিত কুমার দত্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল শাখার আহ্বায়ক মো. রফিকুল আলম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জেলা সমন্বয়কারী লিংকন বায়েন, বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, নাগরিক উদ্যোগ’র সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, পরিবেশ কর্মী এনায়েত হোসেন মনির, ওয়াদুজ্জামান ওহেদ, ফাতেমা তুজ জোহরা, বিউটি আকতারসহ ‘এ.এল.আর.ডি’,‘পানি অধিকার ফোরাম’ এবং ‘অঙ্গীকার বাংলাদেশ’ এর প্রতিনিধিরা।
সংক্ষিপ্ত বক্তব্যের পর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানুষ হিসেবে নদীর প্রতি বিরূপ আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে নদীতে পু্ষ্পার্ঘ্য অর্পণ এবং দখল-দূষণের মাধ্যমে নদীকে হত্যাকারী ‘দৈত্যদের’ প্রতীক ভস্মীভূত করা হয়।