চকরিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

আটককক্সবাজারের চকরিয়ায় ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪টি ওয়ান শুটারগান, ৬টি এক নলা বন্দুক ও ৩টি কাটা রাইফেল।

আটক ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)।

র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিনখালীর একটি চিংড়ি ঘেরে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রয়েছে।