তোফা ও তহুরার প্রথম জন্মদিন আজ

 

তোফা-তহুরাঅস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা-তহুরার প্রথম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে তোফা-তহুরার নানার বাড়িতে কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা শিশু সার্জারী বিভাগের অধ্যাপক ডা. সাহানুর ইসলাম, শিশু হেমাটলজি বিভাগের অধ্যাপক মোরশেদ খসরু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজের রেসিডেন্ড মহিবুল হোসেন নিরব।

এসময় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামিউল আমিন, সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান ছাড়াও তোফা-তহুরার বাবা-মা, নানা-নানীসহ আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ১ আগস্ট তোফা ও তহুরার অস্ত্রোপচার করা হয়। পরে ১ মাস ১০ দিন চিকিৎসা নিয়ে গত ১০ সেপ্টেম্বর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে ফিরে আসে তোফা ও তহুরা।

জন্মদিন উপলক্ষে তোফা ও তহুরার মা শাহিদা বেগম বলেন, ‘তাদের জন্মের আজ এক বছর। অপারেশন ও চিকিৎসার পর তারা দুই জনই সুস্থ আছে। তাদের দুই জনের বেঁচে থাকার জন্য সবার কাছে দোয়া চাই।’

তোফা-তহুরার জন্মদিনে কেক কাটা হয়সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামিউল আমিন বলেন, ‘তোফা-তহুরার আজ জন্মদিন। তারা দুই জনই সুস্থ ও সুন্দরভাবে যুগ যুগ ধরে বেঁচে থাকুক এই কামনা করি। তোফা-তহুরার সুস্থভাবে বেড়ে ওঠাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।’

গত বছরের ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে কোমরে জোড়া লাগা অবস্থায় তোফা-তহুরার জন্ম হয়। তোফা-তহুরার বাবা দরিদ্র কৃষক বাবা রাজু মিয়া একই উপজেলার ঝিনিয়া গ্রামের বাসিন্দা।