রোহিঙ্গাদের জন্য ৫৯ টন ত্রাণ পাঠিয়েছে নরওয়ে ও ফিনল্যান্ড

ত্রাণবাহী কার্গো বিমান (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এবার ৫৯ টন ত্রাণ পাঠিয়েছে নরওয়ে ও ফিনল্যান্ড। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে একই কার্গো বিমানে এই ত্রাণ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়। জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নরওয়েজিয়ান ও ফিনিশ রেড ক্রস রোহিঙ্গাদের জন্য আরও ৫৯ টন ত্রাণ পাঠিয়েছে। এ দুই সংস্থা থেকে পাঠানো ত্রাণ সামগ্রীর অধিকাংশই মেডিক্যাল যন্ত্রপাতি। তারা কক্সবাজারে একটি অস্থায়ী মেডিক্যাল হাসপাতাল স্থাপনের জন্য এসব যন্ত্রপাতি নিয়ে এসেছে। দুপুর দেড়টার দিকে ত্রাণবাহী কার্গো বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।’

ত্রাণ হস্তান্তর (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

বিমানবন্দর সূত্র জানায়, ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে নরওয়ে রেড ক্রসের পক্ষে ওড পেডারসেন এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্টর সাধারণ সম্পাদক আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য থেকে দ্বিতীয় দফায় ৮৫ টন ত্রাণ চট্টগ্রামে আসে। সকাল পৌনে সাতটায় নিয়ে আসা ওই ত্রাণসামগ্রীর মধ্যে এক হাজার ৪৭৮ পিস তাঁবু, ২০ হাজার পিস কম্বল ও ১০ হাজার ৫০০ পিস বিছানা চাদর ছিল।