লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর চেয়ারম্যানের হামলার অভিযোগ

 

সাংবাদিক রফিকুল ইসলামলক্ষ্মীপুরে সাংবাদিক রফিকুল ইসলামকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রফিকুলের অভিযোগ সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও তার লোকজন তার ওপর হামলা চালিয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যানের নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল ইসলাম স্থানীয় লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা।

রফিকুল ইসলাম জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর ছাপা হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চেয়ারম্যান মোবাইল ফোনে তার বাড়িতে রফিককে যেতে বলেন। সেখানে গেলে চেয়ারম্যান ও তার বাহিনীর সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, ‘মারামারির কোনও ঘটনা ঘটেনি। তবে কথা কাটাকাটি হয়েছে।’