পায়ুপথে বাতাসে তরুণের মৃত্যু, সহকর্মীর তিন দিনের রিমান্ড

 

রাসেল মিয়াবগুড়ার কাহালুতে টাইলস্ কারখানায় পায়ুপথে বাতাস দিয়ে শ্রমিক রাসেল মিয়াকে (১৯) হত্যার ঘটনায় সহকর্মী রুবেল হোসেনের (২২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (৪) বিচারক আহসান হাবিব রিমান্ড মঞ্জুর করেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে দুপুরে নিহতের বাবা আবদুল হান্নান কাহালু থানায় হত্যা মামলা করেন। কাহালু থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিকালে সাতদিনের রিমান্ড চেয়ে রুবেলকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কাহালুর বীরকেদার ইউনিয়নের ডেপুইল এলাকায় আবুল কালাম আজাদের এবিসি টাইলস্ কারখানায় স্থানীয় মীরপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে রাসেল মিয়া ও নওদাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রুবেল হোসেন মেশিন পরিষ্কার করা শ্রমিকের কাজ করতেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রুবেল কম্প্রেসারের পাইপ রাসেলের পায়ুপথে ঢুকিয়ে বাতাস দেয়। এতে রাসেল অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ২টা ৫০টা মিনিটে রাসেল মারা যান।

এদিকে রাসেল মিয়ার মরদেহ শুক্রবার সন্ধ্যায় গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।