বৃদ্ধ বাবা-মায়ের সেবাযত্ন করায় নারায়ণগঞ্জে দুই ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। ১০৪ বছর বয়সী বাবার সেবা করায় নগরীর খানপুর এলাকার মফিজুল ইসলামকে ‘মমতাময়’ এবং বৃদ্ধ বাবা-মাকে যত্ন করে দেখে রাখায় দক্ষিণ সস্তাপুর এলাকার সুমাইয়া সাদেকীন শিল্পীকে ‘মমতাময়ী’ উপাধি দেওয়া হয়েছে।
রবিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন সমস্যার কখা তুলে ধরেন প্রবীণরা। সিনিয়র সিটিজেন হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাস ও ট্রেনে সিট সংরক্ষণের দাবি জানান তারা। এছাড়া প্রবীণদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।
সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. এসএম মোসাদ্দেক আলী, বিশেষ অতিথি ডেন্টাল সার্জন সাহেদ আলম, সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপদেষ্টা মতিউর রহমান ও সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার বলেন, ‘১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখা প্রবীণদের চিকিৎসা, ওষুধ ও বিনোদনের ব্যবস্থা করে আসছে। এছাড়াও প্রবীণদের পড়ালেখার জন্য রয়েছে লাইব্রেরি।’ আগামীতে প্রবীণ হাসপাতালের দোতলায় ডায়াবেটিক সেন্টার চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।