চৌদ্দগ্রামে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

হাবিবুর রহমানকুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের হামলায় আহত যুবলীগ নেতা হাবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০২ অক্টোবর) তার মৃত্যু হয়।

হাবিব জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি করতেন। তার পরিবারের অভিযোগ,গত ২২ সেপ্টেম্বর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আজাদের নেতৃত্বে সন্ত্রাসীরা হাবিবকে কুপিয়ে গুরুতর জখম করে। গ্রামের মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এ হামলা হয় বলে দাবি নিহতের পরিবারের।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দক্ষিণ সোনাপুর গ্রামের আলী এরশাদের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আজাদ, জিদু মিয়ার ছেলে মোতালেব হোসেন, আলী আকাব্বরের ছেলে মো. ইয়াছিন, কোদালিয়া গ্রামের মো. জয়নালের ছেলে ছালেহ আহমেদ সুবজ স্থানীয় মেয়েদের উত্ত্যক্ত করছিলো। হাবিব এতে বাধা দেওয়ায় এ নিয়ে তারা তার ওপর ক্ষিপ্ত ছিল।

গত ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে হাবিব তার বন্ধু এমদাদুল হক জুয়েল ও নবী হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে চৌধুরী বাজার যাচ্ছিলেন। পথে নারানকরা দক্ষিণ পাড়ায় রাস্তায় যুবলীগ নেতা আজাদের নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে হাবিবকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার সঙ্গে থাকা জুয়েল ও নবীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত হাবিবকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত হাবিবের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ছাত্রলীগ নেতা আজাদ, মোতালেব, ইয়াছিন ও ছালেহ আহমদ সবুজের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, নিহত হাবিবের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামি ছালেহ আহমদ সবুজকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

উত্ত্যক্ত