নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার যমুনা নদী থেকে ইলিশ ধরায় পাঁচ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো: নুরতাজুল হক এসব তথ্য জানিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, দৌলতপুর উপজেলার বাসাইল গ্রামের হাসেন শেখের ছেলে রুশনাই শেখ (৫০), একই গ্রামের আজমত আলীর ছেলে বাচ্চু মিয়া (৩০), শিবালয় উপজেলার বঘুনাথপুর গ্রামের মন্তেষ শেখের ছেলে লালন মিয়া(৩২), একই উপজেলার উথলী ইউনিয়নের বাসাইল কলাবাগান গ্রামের কালাচাঁন শেখের ছেলে বকুল মোল্লা (৪৫) ও তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের সাত্তার ব্যাপারীর ছেলে ফজলু মিয়া (৩০)।
জেলা মৎস্য কর্মকর্তা মো: নুরতাজুল হক জানান, মঙ্গলবার রাতে ইলিশ ধরার সময় ওই পাঁচ জেলেকে আটক করা হয়। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে বুধবার বেলা ১১টার দিকে ইউএনও কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।