বগুড়া শহরে যানজট নিরসন ও অবৈধ যান চলাচল বন্ধে জেলা পুলিশ প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযানে চালানো হয়। বুধবার দুপুরে শহরের সাতমাথা থেকে ১২টি ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়। পরে রোলার দিয়ে রিকশাগুলো ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী মুন রাজীব, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল মণ্ডল। এসময় তাদের সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ছিল। পরে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন ঘটনাস্থলে এসে এই অভিযানের প্রতি সমর্থন জানান।
বগুড়া পৌরসভার সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা জানান, অভিযানের প্রথম দিন বুধবার ১৭টি ব্যাটারি চালিত রিকশা ধরা হয়েছে। এর মধ্যে চালকরা ৫টি নিয়ে পালিয়ে গেছে। পরে রোলার চালিয়ে ১২টি রিকশা ধ্বংস করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধ যানবাহন প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আগে আটক করা যানবাহনগুলোও ধ্বংস করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট জানিয়েছেন, বগুড়া আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সিদ্ধান্ত অনুসারে রেজিস্ট্রেশন বিহীন সিএনজিসহ সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান চলবে। বগুড়া শহরকে যানজট মুক্ত করতে অবৈধ ও অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া রাস্তা দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
অবৈধ যানবাহন বিক্রির শো রুমসহ এ ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়ে রুহুল আমিন নামে এক রিকশা চালক জানান, তিনি কিস্তিতে অর্ধ লক্ষাধিক টাকায় রিকশাটি কিনেছিলেন। আজ সেটি ধ্বংস করে দেওয়ায় তাকে পথে বসতে হবে।
আরও পড়তে পারেন: আদালত প্রাঙ্গণে তিন সাংবাদিক লাঞ্ছিত, পুলিশ সদস্য প্রত্যাহার