রাজধানীর কাকরাইলের গির্জার ফাদার শিশির নাতালে গ্রেগরিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামস কবির সৌরভকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইনের স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সৌরভকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ বুধবার সন্ধ্যায় ওই চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দল থেকে সৌভরকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করেছিলেন টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি কাজী মঞ্জুর এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম।’
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, ‘অপহৃত কাকরাইলের গির্জার ফাদার শিশির নাতালে গ্রেগরিকে টঙ্গীর মরকুল এলাকা থেকে উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে সামস কবির সৌরভকে সোমবার সন্ধ্যায় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার পাওয়ার পর সোমবার দিবাগত রাতে সৌরভকে প্রধান আসামি করে মোট চার জনের বিরুদ্ধে মামলা করেছেন ফাদার গ্রেগরি।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ বাকি তিন জনের নাম বলেছেন বলেও জানান তিনি। অপর তিন জন হলো- জয়নাল, জেমস ও হাসান।
পুলিশ জানায়, এর আগে সোমবার দিনে ফাদারের মোবাইলে ফোন করে কৌশলে তাকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে ঘটনা জানতে পেরে উদ্ধার অভিযান চালায় পুলিশ।