কোম্পানীগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী

Noakhaliনোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো শাহজাদপুর সিনিয়র দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তার মিম (১২)।

বৃহ্স্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। বিয়েতে ৪০০ বরযাত্রীর জন্য আয়োজিত খাবার স্থানীয় এতিমখানায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামের হামিদ ব্যাপারী বাড়ির মনির হোসেনের মেয়ে মিমের সঙ্গে কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামের মফিজ উল্যার ছেলে আইয়ুব নবীর বিয়ে হচ্ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়েটি বন্ধ করে তাদের উপজেলায় নিয়ে আসেন।

এ সময় ওই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে কনের মা মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।