মাগুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বেহাল দশা

মাগুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

অযত্ন, অবহেলা এবং সংস্কারের অভাবে মাগুরায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখন সেবার বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।  দেয়ালে শ্যাওলা পড়েছে, দালান চুয়ে পানি পড়ে। ইট, বালু ও চুন-সুড়কি খসে পড়ছে। দরজা-জানালা কুঁড়ে খাচ্ছে ঘুণ পোকা। এছাড়াও নেই পর্যাপ্ত ডাক্তার ও সেবা ব্যবস্থা। সার্বক্ষণিক বিদ্যুতের অভাবে মোবাইলের আলোতেও অপারেশনের কাজ শেষ করা হয়. এমনটাই অভিযোগ স্থানীয়দের।

সিনিয়র দাই নার্স মঞ্জুয়ার সুলতানা বলেন, ‘এখানে  সরকারিভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন ব্যবস্থা, গর্ভবর্তী ও প্রসূতি মায়ের সেবা প্রদান করা হয়। আমাদের স্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা বেশি থাকায় অনেক সমস্যা সম্মুখীন হচ্ছি। আমরা গত মাসে ৩৪টি ডেলিভারি করেছি। কিন্তু রোগীদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ দিতে পারছি না।’ ওষুধের সরবরাহ কম থাকায় ঠিকভাবে সেবা প্রদান করা যাচ্ছে না বলেও জানান তিনি।  

মাগুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা আলম আরা বলেন, ‘এখানে ওষুধপত্র ঠিকভাবে দেয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা কম, রোগীর সঙ্গে ভাল ব্যবহারও করা হয় না। একটা সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও বাইরের ক্লিনিকের  রোগী আনা-নেওয়ার কাজ করে সেটা।’

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক নন্দুলাল বিশ্বাস বলেন, ‘আমি প্রতিদিন প্রায় ১০-১৫ জন মায়ের ডেলিভারি করি। কিন্তু আমার এখানে  অ্যানেস্থেসিয়ার ডাক্তার না থাকার কারণে সিজার করতে পারি না।’ অনেকবার ঢাকাস্থ  স্বাস্থ্য কেন্দ্রে  মাসিক মিটিংয়ে এসব কথা বলেও কোনও ফল পাওয়া যায়নি বলেও জানান তিনি।