কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে শুক্রবার (৬ অক্টোবর) সকালে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনুর জামান নিজে এ রায় দিয়েছেন বলে বিকালে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
ইউএনও শাহিনুর জামান জানান, মা ইলিশ সংরক্ষণে শুক্রবার ভোরে পদ্মা নদীর কুমারখালীর হাসিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাঁচটি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জব্দকরা কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে পুড়িয়ে ফেলার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জব্দ করা পাঁচটি নৌকা স্থানীয়দের কাছে নিলামে বিক্রির আদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এ সংক্রান্ত আরও সংবাদ:
কুষ্টিয়ায় ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে জরিমানা