বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষা দিতে যাওয়ার সময় অপহরণ হওয়া মো. ইব্রাহিম হেলাল (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে শুক্রবার ভোর পাঁচটার দিকে উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) মো. আকরামুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের অভিযানে অপহরণের সঙ্গে জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. ফাহিম হোসেন (২১), মো. রাব্বি (২৩), মো. ইমরান হোসেন (২০) ও মো. মফিজুর রহমান রিপন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টেস্ট পরীক্ষায় অংশ নিতে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় ইব্রাহিম। এসময় আগে থেকে সিএনজিতে অবস্থানকারী অপহরণকারী মফিজুর রহমান পরিকল্পিতভাবে সিএনজিতে উঠিয়ে নেয় ইব্রাহিমকে। সিএনজি নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে অপহরণকারী সহযোগী ফাহিম ও রাব্বী সিএনজিতে ওঠে। এরপর ইব্রাহিমের গলায় চাকু ঠেকিয়ে তার ফোন ব্যবহার করেই ইব্রাহিমের মাকে ফোন দেয় তারা। এসময় ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ইব্রাহিমের পরিবার এ ব্যাপারে কর্ণফুলী থানায় অভিযোগ করেন।
কর্ণফুলী থানা পুলিশের কাছে এ তথ্য পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের দুপুর ১২টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে।
প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ সদস্যরা বহদ্দার হাট এলাকা হতে অপহরণকারী মো. ইমরান হোসেনকে প্রথমে গ্রেফতার করে। পরবর্তীতে ধরা পড়ে আরেক অপহরণকারী রাব্বী।
ইমরান ও রাব্বীকে জিজ্ঞাসাবাদের পর ইব্রাহিমকে চান্দগাঁও থানাধীন পাঠানীয়া গোদাস্থ জান্নাত বেকারির পার্শ্বে মার্কেটের পিছনের গলিতে থেকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করে। এসময় ফাহিম হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশের জালে ধরা পড়তে হয় রিপনকে।
তবে মূল অপহরণের মূল পরিকল্পনাকারী মো. আবু বক্করকে (২৫) এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, চরপাথরঘাটা থেকে অপহরণ করার পর কর্ণফুলী রিভারভিউ এলাকার একটি নির্জন জায়গায় ইব্রাহিমকে আটকে রাখে অপহরণকারীরা। বিকাল পাঁচটা পর্যন্ত সেখানেই অবস্থান করে তারা। এরপর তাকে নিয়ে চান্দগাঁও এলাকায় শরফত উল্লাহ পেট্রোল পাম্পের পেছনের নির্জন এলাকায় জিম্মি করে রাখা হয়।