নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী জেলার পদ্মা নদীতে ইলিশ ধরায় পাঁচ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ অক্টোবর বিকালে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শওকত আলী এ আদালত পরিচালনা করেন।
মো. শওকত আলী জানান, ইলিশ ধরায় পাঁচ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, সদরের খানগঞ্জ ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের নাসির খার ছেলে লতিফ খা (৫৫), মজিদ মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (৪৫), আসান সেখের ছেলে লুৎফর সেখ (৩৫), মিজানপুর ইউনিয়নের চরবেনী নগর গ্রামের হাসেন সেখের ছেলে ইসহাক সেখ (৩৫), একই এলাকার মো. গোলাপ মোল্লার ছেলে আকবর মোল্লা (১৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান, মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মোল্লাসহ অনেকে।
এর আগে শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়। এ অভিযান চালায় জেলা প্রশাসন, মৎস্য অধিদফতর ও সদর থানা পুলিশ। এসময় জেলেদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, প্রায় ৩০ কেজি ইলিশ মাছ ও ২টি ট্রলার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জব্দ করা জাল আগুনে পুড়িয়ে দেন এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে দান করে দেন।