হিলিতে পেঁয়াজের দামে ঝাঁজ!

ট্রাকে তোলা হচ্ছে পেঁয়াজ (ছবি- প্রতিনিধি)

দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। দুই সপ্তাহ আগে যে পেঁয়াজের দাম কেজিতে ছিল ২৫ থেকে ২৬ টাকা তা এখন বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৬ টাকায়।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ৭-১০ দিন হিলিসহ দেশের সব বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। এতে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে যায়। এ সুযোগে এর দাম বাড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের বলছেন, ছুটি শেষে দেশের সব বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এখন পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং এতে দামও কমে যাবে।

শনিবার (৭ অক্টোবর) সরেজমিনে হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা পাটনা জাতের পেঁয়াজ প্রকারভেদে পাইকারিতে (ট্রাক-সেল) ৩৩ থেকে ৩৪ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। আর রাজস্থান জাতের পেঁয়াজ কেজিতে ৩৬ টাকা এবং ইন্দোর জাতের পেঁয়াজ কেজিতে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে, অর্থাৎ শারদীয় দুর্গাপূজার ছুটির আগে এই তিন জাতের পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে ২৫ থেকে ২৬ টাকা কেজিদরে বিক্রি হয়েছিল।

বাংলা হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রকারভেদে কেজিতে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা পূজার বন্ধের আগে ২৮ থেকে ৩০ টাকা কেজিদরে বিক্রি হয়েছিল।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়েনি। দেশি জাতের পেঁয়াজ পাইকারিতে ৪০ টাকা এবং খুচরাতে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ট্রাকে তোলা হচ্ছে পেঁয়াজ (ছবি- প্রতিনিধি)

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার বন্ধের আগে বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। পূজার ছুটি শেষে গত মঙ্গলবার (৩ অক্টোবর) বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরুর দিন ভারত থেকে ২১টি ট্রাকে ৪৩১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর পরদিন ১৬টি ট্রাকে ৩০২ টন এবং বৃহস্পতিবার ২১টি ট্রাকে ৩৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সূত্র আরও জানায়, এর আগে গত সেপ্টেম্বর মাসে ৬৩৯টি ট্রাকে ১২ হাজার ৯৫৩ টন পেঁয়াজ আমদানি হয়। আর আগস্ট মাসে ৭৪১টি ট্রাকে ১৫ হাজার ৬৯ টন পেঁয়াজ আমদানি হয়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন ও রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বন্ধের সময় বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে যায়। তাই দামও বেড়ে গেছে। তবে পূজার ছুটি শেষে ভারতের বিভিন্ন মোকামে আবারও পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় এবং দেশের সব বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় আগামী দুয়েকদিনের মধ্যেই বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়বে। এতে দামও কমে যাবে।