তুফানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সোমবার

তুফানসহ চার আসামি (ফাইল ছবি)

ধর্ষণের পর নির্যাতিতা ও তার মাকে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় করা দুই মামলায় বগুড়ার শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকারসহ ১২ জনের বিরুদ্ধে আগামী সোমবার (৯ অক্টোবর) আদালতে অভিযোগপত্র দাখিল করবে পুলিশ।

মামলার তদন্তের দায়িত্বে থাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- অপারেশন) আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

আবুল কালাম আজাদ জানান, দুই মামলার তদন্ত শেষ। চার্জশিট (অভিযোগপত্র) তৈরির কাজও শেষ। দুই মামলায় তুফানসহ ১২ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আগামী সোমবার (৯ অক্টোবর) জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুফান সরকারসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে।

যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হচ্ছে তারা হলো, তুফান সরকার, তার স্ত্রী আশা খাতুন, শ্যালিকা পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, শাশুড়ি রুমি খাতুন, শ্বশুর জামিলুর রহমান রুনু, তুফান বাহিনীর সদস্য আতিক, মুন্না, আলী আজম  দিপু, রূপম, শিমুল, জিতু ও নাপিত জীবন রবিদাস।

সূত্র জানায়, বগুড়া জেলে মাদক সেবন ও রাজকীয় জীবনযাপন করায় তুফানকে কাশিমপুর কারাগারের হাই-সিকিউরিটি সেলে পাঠানো হয়। আর তার শ্বশুর রুনু জামিনে আছেন। এ মামলার অন্য এক আসামি শিমুলকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বাকি ৯ জন বগুড়া জেলে রয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকালে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ধর্ষণের পর নির্যাতিতা ও তার মাকে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় করা পৃথক মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্তকারী কর্মকর্তাকে আদালতে চার্জশিট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,এক কিশোরীকে কলেজে ভর্তি করানোর নামে গত ১৭ জুলাই তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকারের বিরুদ্ধে। এদিকে, ঘটনা জানতে পেরে তুফানের স্ত্রী আশা স্বামীকে দায়ী না করে ঘটনার জন্য ভিকটিমকেই  দায়ী করে। এরপর আশা তার বোন সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মার্জিয়া হাসান রুমকির মাধ্যমে ২৮ জুলাই ক্যাডার দিয়ে ভিকটিম ও তার মাকে তাদের বাদুড়তলার বাসায় নিয়ে যায়। সেখানে তাদের মারধরের পর মাথার চুল কেটে দেয়। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করালে সেই রাতেই তুফানসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুলাই তুফানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার ওই কিশোরী।