অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সাড়ে ছয় মাস কারাভোগের পর দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ অক্টোবর) বিকালে শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত দেওয়া হয়।
নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে ফেরত আসা দুই জন হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ বাটিপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুল করিম (২৪) ও বাহাদুরাবাদ সর্দার পাড়া গ্রামের জহির আলীর ছেলে হামিদুল রহমান (১৮)।
পুলিশ জানায়, চলতি বছরের ২১ মার্চ জামালপুরের মাখনেরচর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন করিম ও হামিদ। পরে বিএসএফের হাতে ধরা পড়লে তাদের ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর দেশটির তুরা কারাগারে ছয় মাস ১৫ দিন কারাভোগ শেষে শনিবার তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়।
করিম ও হামিদকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের অজয় দাস, ইমিগ্রেশন ইনর্চাজ ডি হাজং ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতিপাগার ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ও নাকুগাঁও ইমিগ্রেশনের আবুল হোসেন।