শেরপুরে বিস্ফোরক তৈরির তরল পদার্থ উদ্ধারের ঘটনায় মামলা: গ্রেফতার ২

নকলায় উদ্ধার করা বিস্ফোরক তৈরি তরল পদার্থ

শেরপুরে নকলার চন্দ্রকোনা বাজারে বিস্ফোরক তৈরির ১৯ কনটেইনার ভর্তি ৫৪০ লিটার রাসায়নিক তরল পদার্থ উদ্ধার ঘটনার মামলায়  শনিবার আরও  একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. ফয়েজ উদ্দিন। তিনি এজাহারভুক্ত আসামি। এনিয়ে এ মামলায় দু’জনকে গ্রেফতার করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার বাদী হয়ে নকলা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আবুল কাশেম, ফয়েজ উদ্দিন ও মিনারা বেগমের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় আটক দোকান মালিক মিনারা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে শনিবার (৭ অক্টোবর) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ফয়েজ উদ্দিনকে গ্রেফতার করে।একইদিন দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি নকলার চন্দ্রকোনা বাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি চন্দ্রকোনা পুলিশ তদন্তকেন্দ্রে রাখা কনটেইনার ভর্তি রাসায়নিক তরল পদার্থ পর্যবেক্ষণ করেন। এসময় পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘চন্দ্রকোনা বাজারে রাসায়নিক তরল পদার্থ উদ্ধার মামলার আসামি মিনারা বেগম ও ফয়েজ উদ্দিন নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, উদ্ধার করা রাসায়নিক তরল পদার্থের মধ্যে রয়েছে হাইড্রোজেন পার-অক্সাইড, নাইট্রিক এসিড, সালফিউরিক এসিড, ট্রেট্রাহাইড্রোফুরান, ডিক্লোমেথেনি এসিড ও ক্লোরোফর্ম। শুক্রবার ঢাকা থেকে আসা সিআইডি’র বিশেষজ্ঞ দলের সদস্যরা উদ্ধার করা এসব তরল পদার্থ পরীক্ষা-নিরীক্ষা করে এই তথ্য দিয়েছেন। জব্দ করা রাসায়নিক তরল পদার্থ নাশকতার কাজে ব্যবহার করার জন্য গুদামজাত করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সদ্য সমাপ্ত দুর্গাপূজায় শেরপুরের কেন্দ্রীয় মন্দির, নয়আনী বাড়ি মা ভবতারা মন্দিরসহ চারটি মন্দিরে জঙ্গিরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল ছিল। পুলিশ হেডকোয়ার্টারের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলা পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নকলার চন্দ্রকোনা বাজারে একটি তালাবদ্ধ দোকানে অভিযান চালিয়ে এসব রাসায়নিক তরল পদার্থ উদ্ধার করা হয়।