নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম ইফতিয়ার হোসেন আনন্দ (১৪)। সে ওই সিএনজি অটোরিকশার আরোহী ছিল।





রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইফতিয়ার হোসেন আনন্দ সেনবাগ উপজেলার সাতবাড়ীয়া এলাকার ফরাজি বাড়ির সাহেব উল্যার ছেলে। সে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চৌমুহনী থেকে সেনবাগের দিকে একটি সিএনজি অটোরিকশা ছেড়ে যায়। পথে সিএনজিটি সেতুভাঙা বাজার সংলগ্ন দোকানঘর এলাকায় পৌঁছলে ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি আরোহী আনন্দ নিহত হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর সিএনজিচালক ও বাসচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।