হোল্ডিং ট্যাক্স সহনীয় রাখতে চট্টগ্রামের বর্তমান মেয়রকে সাবেক মেয়রের চিঠি

আ জ ম নাছির উদ্দিনকে এ চিঠি পাঠিয়েছেন এম মনজুর আলম (ছবি-চট্টগ্রাম ব্যুরো)

নতুন করে ধার্য করা হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে চিঠি দিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম। রবিবার (৮ অক্টোবর) দুপুরে পাঠানো এই চিঠিতে মনজুর আলম করপোরেশনের খরচ অনুপাতে হোল্ডিং ট্যাক্স ধার্য করার পরামর্শ দেন।

তিনি চিঠিতে লিখেন, ‘আমি বলবো না যে, আপনি ট্যাক্স প্রত্যাহার করেন। আমি বলবো ট্যাক্স সহনীয় পর্যায়ে অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেটুকু খরচ প্রয়োজন, সেটুকু মাথায় রেখে ট্যাক্স নির্ধারণ করলে নগরবাসী উপকৃত হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে যে পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে, এই পদ্ধতির কারণে মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।’

বর্তমান মেয়র একটা বড় সংগঠনের সাধারণ সম্পাদকের পদে আছেন উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘আপনি বৃহত্তর একটি দলের মহানগরের সাধারণ সম্পাদক। দলীয়ভাবে মনোনয়ন নিয়ে মেয়রের দায়িত্ব পালন করছেন। আশা করছি, আপনার দায়িত্ব পালনকালে সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। একটু সজাগ দৃষ্টিতে যদি পর্যালোচনা করেন, তাহলে এই শহরের বাসিন্দারা উপকৃত হবে।’

চিঠিতে সাবেক মেয়র বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার সময় হোল্ডিং ছিল এক লাখ ২৫ হাজার। এর বিপরীতে হোল্ডিং ট্যাক্স ধার্য ছিল ১৯ কোটি ৮৪ লাখ টাকা। পরে জেনারেল অ্যাসেসম্যান্ট দিয়ে যখন দায়িত্ব শেষ হয়েছে তখন এক লাখ ৫৭ হাজার হোল্ডিং এবং ১২০ কোটি টাকার ট্যাক্স সিটি কর্পোরেশনের গৃহকর হিসেবে ধার্য ছিল। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বর্তমানে হোল্ডিং এক লাখ ৮২ হাজারের ওপরে। প্রায় ২৮ হাজার হোল্ডি বেড়েছে আপনার দায়িত্ব পালনকালে।’

মনজুর আলম বলেন, ‘আপনি চট্টগ্রাম মহানগরের একজন অভিভাবক। মেয়র হিসেবে ৬০ লাখ মানুষের দায়িত্ব আপনার ওপর। ভবিষ্যৎ পরিকল্পনায় সেটা মাথায় রেখে ট্যাক্স ধার্য করলে নগরবাসী আপনার ডাকে সাড়া দেবে।’

বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘খরচ অনেক বেড়েছে’ উল্লেখ করে মনজুর বলেন, ‘বেতন-ভাতা, বোনাস, রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল -সব মিলিয়ে উন্নয়নখাতে বছরে প্রায় ৩০০ কোটি টাকার প্রয়োজন। তাই আমি বলব না, ট্যাক্স প্রত্যাহার করেন। তবে সহনীয় পর্যায়ে নিয়ে আসুন।’