হোটেল থেকে মাদ্রাসা খাদেমের লাশ উদ্ধার

কুমিল্লাকুমিল্লা মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে ইব্রাহিম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার মহানগরীর স্টেশন রোডের আলামিন আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শায়িত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ইব্রাহিম (৪৫) জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, আলামিন হোটেলের রুমের দরজা ভেঙে ভেতর থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। তার সঙ্গে অন্য কোনও কিছু পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহিমের ভাই মো.ইউনুছ জানান, তার ভাই কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার স্থানীয় এক মাদ্রাসার জন্য সাহায্যের টাকা সংগ্রহের কাজ করতেন। কুমিল্লা মহানগরীর স্টেশন রোডের আলামিন আবাসিক হোটেলে (বোর্ডিং) প্রায় সময় থাকতেন। মাঝে মাঝে বাড়িতে আসা-যাওয়া করতেন। তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।