খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা: যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

যুবদল ও ছাত্রদলের বিক্ষোভকুমিল্লার আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় এ আদেশ দেন। এ আদেশ দেওয়ার পরপরই কুমিল্লা আদালত এলাকা থেকে যুবদল ও ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরী কান্দিরপাড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মহানগর যুবদলের সভাপতি উৎবাদুল বারী আবু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।