শাবিতে ভর্তি আবেদন শুরু ১৫ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৫ অক্টোবর। এদিন সকাল ১০টা থেকে শুরু করে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পছন্দের বিষয়গুলোতে রেজিস্ট্রেশনের সুবিধার্থে ‘এ’ ও ‘বি’ ইউনিটের বিভাগসমূহকে কয়েকটি সাব-ইউনিটে (এ, বি১, বি২)  ভাগ করা হয়েছে। যদি কোন শিক্ষার্থী ‘এ’ ও ‘বি’  উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে উভয় ইউনিটের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য যেকোনও প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাশের সন, এসএসসি/সমমান শিক্ষা শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাশের সন এবং সাব-ইউনিটের কী-ওয়ার্ড লিখে (এ, বি১, বি২) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। কোটাছাড়া এ বছর সর্বমোট ১৫৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।