নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীতে বিএনপির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

কুমিল্লার একটি আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার (১০ অক্টোবর) নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে জেলা শহরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তারা। এসময় জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সামছুদ্দোহা মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টপি, জেলা কৃষক দলের আহ্বায়ক রবিউল হাসান পলাশ, নোয়াখালী পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের সমন্বয়ক আজগর হোসেন দুখু প্রমুখ।

দলীয় সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ করার কথা ছিল। কিন্তু সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ছিল এবং নেতাকর্মীরা জড়ো হওয়ার উদ্দেশ্যে মিছিল নিয়ে আসার সময় বিভিন্ন স্থানে তাদের বাধা দেওয়া হয়। ফলে শহরে বড় বিক্ষোভ মিছিল করতে পারেনি তারা। তবে নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এবং সমবেশ করেছে। এছাড়া মূল কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। এ সময় পুলিশ তাদের ঘিরে রেখেছিল।

এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মিছিল করতে নিষেধ করা হয়েছে। তবে কোনও প্রকার বাধা ছাড়াই তারা সমাবেশ করেছে।’