অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমকে ব্যবহার করে প্রতারণার দায়ে চট্টগ্রামে দুই যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে নগরীর পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল সিম ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু বকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- সুমন খন্দকার (২২) ও সাজ্জাদ নেওয়াজ খান (৩২)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু বকর সিদ্দীক বলেন, ‘সুমন ও সাজ্জাদ প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। সম্প্রতি নগরীর জামালখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ’র এক ছাত্রকে ইলেকট্রনিক্স পণ্য বিক্রির কথা বলে ডেকে নিয়ে মারধর করে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এই অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, এর আগেও তারা দুজন মিলে ঢাকার বারিধারার ইউআইটিএস-এর শিক্ষক মাহমুদুল হাসান ও সাভারের মিজানুর রহমানের কাছ থেকে ৪০ হাজার টাকা করে, ঢাকার আরিফুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার, সিলেটের নাসির আহমেদের কাছ থেকে ২০ হাজার, নওগাঁর মাসুক এলাহীর কাছ থেকে ৩৩ হাজার ও ঢাকার আনিসুজ্জামানের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে।’
সিএমপি সূত্র জানায়, সুমন খন্দকার দীর্ঘদিন ধরে বিক্রয় ডটকমে তার মোবাইল নম্বর দিয়ে ‘অনলাইন শপ’ এবং ’২৪ ডটকম’ নামে আইডি খুলে বিভিন্ন মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ-এর ছবির বিজ্ঞাপন দিয়ে অনলাইন ক্রেতাদের প্রলুব্ধ করে বিকাশে এবং এস.এ পরিবহনে টাকা আদায় করছিল। বিনিময়ে আসল পণ্যের প্যাকেটে নষ্ট, পুরাতন অথবা চায়না সস্তা মোবাইল পাঠিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে।