বাল্যবিয়ে পড়ানোয় কাজির কারাদণ্ড

ফরিদপুরফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে বুধবার রাতে এক কিশোরীর বিয়ে রেজিস্ট্রি করার অপরাধে আবদুস সালাম খান নামের এক কাজিকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বাল্যবিয়ের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে। এসময় কাজি কৌশলে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে মধুখালী থানা পুলিশ কাজিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার কাজিকে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে কাজিকে জেল হাজতে পাঠানো হয়।