ইলিশ শিকার: চাঁদপুরে চার জেলের কারাদণ্ড

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

মা ইলিশ শিকারের অপরাধে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে চাঁদপুরের হাইমচরের চার জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম এ রায় প্রদান করেন। এর আগে হাইমচর এলাকার নদী থেকে ওই চার জেলেকে আটক করেছে নৌপুলিশ।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন- হানিফা মৃধা, সুমন দেওয়ান, আল আমিন ও রেজাউল। এদের সবার বাড়ি হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে।

নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিকদার হাসানুজ্জামান জানান, মা ইলিশ রক্ষার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরছিলেন ওই জেলেরা। বৃহস্পতিবার বিকালে আমরা অভিযান চালালে নীলকমল ইউনিয়নের নদী এলাকায় ধরা পড়েন তারা। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ ও একটি নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়েছে।