কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, কারা কমপ্লেক্সের ভেতরে অপর এক কারারক্ষীর বাসায় ইয়াবা সেবনকালে তাকে হাতে-নাতে আটক করা হয়। এসময় তার কাছে এক পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২১ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শনিবার রাতে বিভাগীয় ব্যবস্থাসহ মাদকের মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান জানান, পলাশ হোসেন এর আগে শরিয়তপুর জেলা কারগারে কর্মরত ছিল। সেখানেও মাদক সংশ্লিষ্টতার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ৪-৫ মাস আগে তাকে গাজীপুর জেলা কারাগারে সংযুক্ত করা হয়। শুক্রবার রাতে পলাশ পূর্ব পরিচিত কাশিমপুর কারাগারের সাময়িক বরখাস্ত কারারক্ষী মজনুকে নিয়ে অপর সাময়িক বরখাস্ত কারারক্ষী রাকিবুলের বাসায় যান। সেখানে তারা ইয়াবা সেবন ও বেচাকেনা করছিল, এমন খবর পেয়ে রাকিবের বাসায় অভিযান চলানো হয়। এসময় পলাশকে ইয়াবা ট্যাবলেট ও ২১ হাজার টাকাসহ আটক করা হলেও অন্য দুই কারারক্ষী পালিয়ে গেছে।
এর আগে ২১ সেপ্টেম্বর মাদক সম্পৃক্ততার অভিযোগে রাকিবুলসহ কাশিমপুরের তিন কারাগার থেকে পাঁচ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।